মেহেরপুর সীমান্তে ৬ জনকে পুশ-ইন চেষ্টা প্রতিহত বিজিবি-গ্রামবাসীর
শনিবার, ৬ জুন, ২০২৬ ৯:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া সীমান্তে ভারত থেকে ৬ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর কথিত চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির পাশাপাশি স্থানীয় গ্রামবাসীর সতর্ক অবস্থানের কারণে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি বলে দাবি করা হয়েছে।
শনিবার (৬ জুন) ভোর থেকে সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।
স্থানীয় সূত্র ও বিজিবি জানিয়েছে, তেঁতুলবাড়ীয়া সীমান্তের মেইন পিলার ১০৪-এর সাব-পিলার ৫ সংলগ্ন এলাকায় বিএসএফ ৬ জন ব্যক্তিকে বাংলাদেশের দিকে পাঠানোর চেষ্টা করে। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে তারা সীমান্তের ভারতীয় অংশে ফিরে যায়।
বর্তমানে ওই ৬ জন কাটাতারের বেড়ার পাশে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছেন বলে জানা গেছে। তাদের মধ্যে ৩ জন পুরুষ, ২ জন নারী এবং ১ জন শিশু রয়েছে।
স্থানীয়দের দাবি, বিএসএফ সীমান্তের কাটাতারের একটি অংশ খুলে দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশের সুযোগ করে দেয়। পরে তারা বাংলাদেশের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে বিজিবি ও গ্রামবাসীরা বাধা দেন। এতে তারা পুনরায় সীমান্তের ভারতীয় অংশে ফিরে যেতে বাধ্য হন।
সীমান্ত এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি এড়াতে বিজিবি মাইকিং করে সতর্কতা জারি করেছে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভারতীয় সীমান্তে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে। তবে এ বিষয়ে বিএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তেঁতুলবাড়ীয়া ক্যাম্পের দায়িত্বশীল এক বিজিবি কর্মকর্তা জানিয়েছেন, বাংলাদেশের সীমান্তে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের ঘটনা মেনে নেওয়া হবে না। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
১৪২ বার পড়া হয়েছে