কুয়াকাটায় ভাড়া বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার
বুধবার, ৩ জুন, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কুয়াকাটায় একটি ভাড়া বাসা থেকে সাইয়েদুল আবেদিন (৪২) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে মহিপুর থানা পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সাইয়েদুল আবেদিন বরগুনার তালতলী উপজেলার বাসিন্দা। তিনি প্রায় ২০ দিন আগে স্ত্রী আয়েশা বেগমকে নিয়ে কুয়াকাটা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পাঞ্জুপাড়া এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
পরিবারের সদস্যদের ভাষ্যমতে, মঙ্গলবার (২ জুন) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে রাত ১০টার দিকে সাইয়েদুল আবেদিন ঘরের দরজা ভেতর থেকে বন্ধ করে দেন।
দীর্ঘ সময় অতিবাহিত হলেও ঘরের দরজা না খোলায় এবং ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে বিষয়টি মহিপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে তাকে কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মহিপুর থানার তদন্ত কর্মকর্তা ওসি অনিমেষ হালদার জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করার পর ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
১৩৮ বার পড়া হয়েছে