গণভোটের ‘খ’ প্রশ্ন জুলাই সনদের পরিপন্থী দাবি বিএনপির, কুড়িগ্রামে লিফলেট বিতরণ
মঙ্গলবার, ২ জুন, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
প্রস্তাবিত গণভোটের চারটি প্রশ্নের মধ্যে ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের পরিপন্থী বলে দাবি করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি।
দলটির নেতারা বলেছেন, সংশ্লিষ্ট প্রশ্নটি মূলত একটি প্রচারণামূলক উদ্যোগ, যা জুলাই সনদের মূল চেতনা ও কাঠামোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এ বিষয়ে জনমত গঠন এবং জুলাই সনদের বিভিন্ন দিক সাধারণ মানুষের কাছে তুলে ধরতে মঙ্গলবার (২ জুন) দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমস্থলে সাধারণ মানুষের মধ্যে এসব লিফলেট বিতরণ করেন দলীয় নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে জেলা বিএনপির নেতারা বলেন, বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। সনদ অনুযায়ী ১০০ সদস্যবিশিষ্ট উচ্চ পরিষদ প্রতিষ্ঠাসহ বিভিন্ন গণতান্ত্রিক সংস্কার কার্যক্রম বাস্তবায়নের পক্ষে দলটির অবস্থান স্পষ্ট।
তাদের দাবি, প্রস্তাবিত গণভোটের ‘খ’ নম্বর প্রশ্নটি জুলাই সনদের ১৮ ও ১৯ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। এ কারণে বিষয়টি সম্পর্কে জনগণকে সচেতন করা প্রয়োজন বলে তারা মনে করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্যসচিব সোহেল হোসনাইন কায়কোবাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুকসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বিএনপি নেতারা বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে আরও শক্তিশালী করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী রাষ্ট্র সংস্কার বাস্তবায়নের জন্য জুলাই সনদের ধারাগুলো কার্যকর করা জরুরি। এ লক্ষ্যে ভবিষ্যতেও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা জানান।
১৫৪ বার পড়া হয়েছে