কলমাকান্দায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু, আহত ১
রবিবার, ৩১ মে, ২০২৬ ৪:৩৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। শনিবার রাতে কলমাকান্দা-দুর্গাপুর সড়কের গজারমারি সেতু সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার কলমাকান্দা সদর ইউনিয়নের পূর্ব বাজার এলাকার নিরব (২৪) এবং ঘোষপাড়া এলাকার সোহান (২০)। আহত বিল্লাল (১৮) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার রাতে কয়েকজন যুবক দুটি মোটরসাইকেলে করে কলমাকান্দা থেকে রহিমপুর বাজারে যান। সেখানে সময় কাটিয়ে ফেরার পথে একটি মোটরসাইকেলের আরোহীদের সঙ্গে অন্যদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে গজারমারি সেতুর কাছে সড়কের পাশের খাদে মোটরসাইকেলসহ তিনজনকে পড়ে থাকতে দেখা যায়।
স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক নিরব ও সোহানকে মৃত ঘোষণা করেন। আহত বিল্লালকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম জানান, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
১৪৮ বার পড়া হয়েছে