সর্বশেষ

সারাদেশ

কুষ্টিয়ায় শ্রমিকদল নেতার এক্সোভেটরে আগুন, থানায় অভিযোগ

রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া
রবিউল ইসলাম হৃদয়, কুষ্টিয়া

সোমবার, ২৫ মে, ২০২৬ ১১:৪৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় শ্রমিকদল নেতার প্রায় ৩০ লাখ টাকা মূল্যের একটি এক্সোভেটরে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

রোববার গভীর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত এক্সোভেটরের মালিক আইয়ুব আলী মণ্ডল (৪৯) জগন্নাথপুর ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক। তিনি মহেন্দ্রপুর গ্রামের মৃত লোয়াই মণ্ডলের ছেলে। এ ঘটনায় সোমবার দুপুরে কুমারখালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

সোমবার দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পদ্মা নদীর তীরঘেঁষা চর মহেন্দ্রপুর পশ্চিমপাড়া জামে মসজিদের পাশে রাখা এক্সোভেটরটির বিভিন্ন যন্ত্রাংশ আগুনে পুড়ে গেছে। বিশেষ করে ব্যাটারি, ইঞ্জিন, কাভার ও পাম্প মেশিনসহ বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

আইয়ুব আলীর ছেলে অন্তু মণ্ডল জানান, রাত প্রায় ৩টার দিকে এক্সোভেটরে আগুন লাগার খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।

শ্রমিকদল নেতা আইয়ুব আলী মণ্ডলের অভিযোগ, চর মহেন্দ্রপুর গ্রামের রিয়াজ খানের ছেলে শরিফুল খান (৩৫) এবং মোহন শেখের ছেলে মাসুদ শেখ (৩০) দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন করে আসছিলেন। রোববার দুপুরে প্রশাসনের অভিযানে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এরপর থেকেই তারা ক্ষুব্ধ হয়ে তার এক্সোভেটরে আগুন লাগিয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, “ওরা মনে করেছে প্রশাসনের অভিযানের পেছনে আমি জড়িত ছিলাম। সেই সন্দেহ থেকেই গভীর রাতে পরিকল্পিতভাবে আমার এক্সোভেটরে আগুন দেওয়া হয়েছে।”

তবে স্থানীয় এক কৃষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুপুরে প্রশাসনের অভিযান হয়েছে, আর রাতে আগুনের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তিনি নিশ্চিত নন।

অভিযুক্ত শরিফুল খান ও মাসুদ শেখের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিরুল ইসলাম বলেন, “ভেকুতে আগুন দেওয়ার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাভিদ সারওয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার চর মহেন্দ্রপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের দায়ে একজনকে দুই লাখ টাকা জরিমানা এবং দুজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি বলেন, “এ অভিযানের সঙ্গে ক্ষতিগ্রস্ত এক্সোভেটরের মালিকের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি।”

১০৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন