কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল দুই এসএসসি পরীক্ষার্থীর
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ১:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ায় গড়াই নদীতে গোসল করতে নেমে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে দুই এসএসসি পরীক্ষার্থী। বুধবার (২০ মে) দুপুরে শহরসংলগ্ন হরিপুর সংযোগ সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইফতি তাইফ (১৯) ও সাকিবুর (২০)। তারা কুষ্টিয়া সদর উপজেলার হরিপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষা শেষে দুই বন্ধু গড়াই নদীতে গোসল করতে নামে। এ সময় নদীতে নেমে তারা পানিতে তলিয়ে যায়। যদিও নদীতে তেমন স্রোত বা পানি বেশি ছিল না, তবুও দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে দুইজনকে নদী থেকে তুলে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ইকবাল হাসান জানান, বিকেল চারটার দিকে দুই তরুণকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।
এ বিষয়ে কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ওয়াদুদ হোসেন বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছিল।
২২৭ বার পড়া হয়েছে