সর্বশেষ

সারাদেশ

নারীদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবিতে বরিশালে সমাবেশ

সুখেন্দু এদবর, বরিশাল
সুখেন্দু এদবর, বরিশাল

মঙ্গলবার, ১৯ মে, ২০২৬ ১২:০৭ অপরাহ্ন

শেয়ার করুন:
বরিশালে নারীদের জন্য জেলায় জেলায় ডে কেয়ার সেন্টার, পাবলিক টয়লেট, কর্মজীবী নারী হোস্টেল ও মা ও শিশু হাসপাতাল নির্মাণে বাজেটে বরাদ্দ এবং গৃহস্থালি কাজের আর্থিক মূল্য নির্ধারণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সমাবেশ করেছে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম।

আজ সকাল ১১টায় বরিশাল অশ্বিনী কুমার হল চত্বরে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার সভাপতি মাফিয়া বেগম।

সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা শাখার সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ডা. মনীষা চক্রবর্ত্তী, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক ইমাম হোসেন খোকন, বাসদ বরিশাল জেলা শাখার সদস্য শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক মহিলা ফোরাম বরিশাল জেলা শাখার ক্রীড়া সম্পাদক খুকুমণি, খান সন্স টেক্সটাইল শ্রমিক ইউনিয়নের (রেজি নং বরিশাল-৬৬) সহকারী সাধারণ সম্পাদক রিজিয়া বেগম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, সাধারণ সম্পাদক ফারজানা আক্তার এবং চারণ সাংস্কৃতিক কেন্দ্র বরিশাল জেলার সংগঠক লামিয়া সায়মন।

বক্তারা বলেন, বাজেট শুধু অর্থনৈতিক পরিকল্পনা নয়, এর মাধ্যমে সরকারের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও প্রতিফলিত হয়। দেশের মোট জনসংখ্যার ৫১ শতাংশ নারী হলেও গৃহ ও কর্মক্ষেত্রে তাদের অবদান বাজেটে যথাযথভাবে মূল্যায়িত হয় না।

তারা বলেন, গৃহস্থালি কাজ ছাড়া পরিবার ও সমাজ কল্পনা করা যায় না। পরিবারের প্রায় ৮০ শতাংশ গৃহ ব্যবস্থাপনার কাজ নারীরা করলেও সমাজে তা স্বীকৃতিহীন থেকে গেছে। ২০২১ সালে বাংলাদেশে নারীদের অবৈতনিক গৃহস্থালি ও পরিচর্যা কাজের আর্থিক মূল্য ছিল প্রায় ৬ লাখ ৭০ হাজার কোটি টাকা, যা দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৮ দশমিক ৯ শতাংশ। ঘরে ও বাইরে নারীদের সব কাজের আর্থিক মূল্য বিবেচনায় নিলে জিডিপিতে নারী-পুরুষের অবদান সমান হবে বলেও তারা উল্লেখ করেন।

নেতৃবৃন্দ আরও বলেন, পরিবার পরিচালনা ও সন্তান প্রতিপালনের দায়িত্বের চাপ নারীদের চাকরিক্ষেত্রে পিছিয়ে দেয়। এ অবস্থা থেকে উত্তরণে রাষ্ট্রকে পরিপূরক ব্যবস্থা গ্রহণ করতে হবে। এজন্য কর্মজীবী নারীদের জন্য ডে কেয়ার সেন্টার, নিরাপদ গণপরিবহন, কর্মজীবী নারী হোস্টেল এবং স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করার দাবি জানান তারা।

এছাড়া বক্তারা বলেন, হাসপাতালে মাতৃসদন বা মা ও শিশু হাসপাতালের প্রয়োজনীয়তা বর্তমানে আরও বেশি অনুভূত হচ্ছে। সাম্প্রতিক হাম প্রাদুর্ভাবের কারণে শিশু মৃত্যুর ঘটনা সেই প্রয়োজনীয়তাকে দৃশ্যমান করেছে।

সমাবেশ থেকে নারীর সম-অধিকার নিশ্চিত করা এবং নারীর অগ্রযাত্রার পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণ ও বাস্তবায়নের জন্য বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখার দাবি জানানো হয়।

১২৪ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন