কয়রায় সিঁধ কেটে ঘরে ঢুকে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী
সোমবার, ১৮ মে, ২০২৬ ১০:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
খুলনার কয়রা উপজেলায় গভীর রাতে ঘরের সিঁধ কেটে ভেতরে ঢুকে ভবতোষ মৃধা খোকা (৩৭) নামের এক ওষুধ ব্যবসায়ীকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে একদল চোর। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে চোরদের হামলায় মারাত্মক জখম হয়েছেন তার স্ত্রীও।
গত রবিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার মহেশ্বরপুর ইউনিয়নের পশ্চিম মহেশ্বরপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত ভবতোষ মৃধা ওই গ্রামের যশো মৃধার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার রাতে একদল চোর সিঁধ কেটে ভবতোষ মৃধার ঘরে প্রবেশ করে। গভীর রাতে ঘরের ভেতর চোরদের উপস্থিতি টের পেয়ে যান ভবতোষ। তিনি বাধা দেওয়ার চেষ্টা করলে চোরেরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এ সময় তার স্ত্রী স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে চোরেরা তাকেও কুপিয়ে আহত করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
গুরুতর আহত স্বামী-স্ত্রীর আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় ভবতোষকে উদ্ধার করে দ্রুত কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের দাবি, হাসপাতালে পৌঁছানোর আগেই পথেই তার মৃত্যু হয়েছিল।
নিহত ভবতোষ মৃধা এলাকায় অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ হিসেবে পরিচিত ছিলেন। উপজেলার গিলাবাড়ি বাজারে তার একটি ওষুধের দোকান রয়েছে এবং তিনি কেবল এই ব্যবসার সাথেই জড়িত ছিলেন। স্থানীয়রা জানিয়েছেন, জমিজমা নিয়ে প্রতিবেশীদের সাথে ভবতোষদের একটি বিরোধ চলছিল। তবে চোরেরা কেবল চুরির উদ্দেশ্যে নাকি পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওষুধ ব্যবসায়ী ভবতোষ মৃধা হত্যাকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই অপরাধের সাথে জড়িতদের দ্রুত শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান ও জোর চেষ্টা চলছে।
১২৫ বার পড়া হয়েছে