সর্বশেষ

সারাদেশ

খোকসায় খাল খনন প্রকল্পে হামলা: পুড়িয়ে দিয়েছে দু'টি এক্সকাভেটর

নুর আলম দুলাল, কুষ্টিয়া
নুর আলম দুলাল, কুষ্টিয়া

বৃহস্পতিবার , ১৪ মে, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ন

শেয়ার করুন:
কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত দুটি এক্সকাভেটরে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

বুধবার গভীর রাতে উপজেলার মোড়াগাছা-হাসিপুর খালের উৎসমুখ দ্বিপচর সেতুর কাছে এ ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা এক্সকাভেটরের ব্যাটারি, মালিকের মোটরসাইকেল ও শ্রমিকদের দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

জানা গেছে, গত ১৬ মার্চ সরকারের আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ এ খাল খনন প্রকল্পের উদ্বোধন করেন। প্রকল্পের প্রথম ধাপে মোড়াগাছা বাজারের স্লুইসগেট থেকে দ্বিপচর সেতু পর্যন্ত ৯০০ মিটার খননকাজ প্রায় শেষের পথে। এর মধ্যেই দুর্বৃত্তদের এমন হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দ্বিপচর সেতুর কাছে এক্সকাভেটর দিয়ে খালের মাটি কাটার কাজ চলছিল। এ সময় গড়াই নদীর দিক থেকে আগ্নেয়াস্ত্রধারী ১৫ থেকে ২০ জনের একটি দল ঘটনাস্থলে এসে নৈশপ্রহরী দুজন ও এক্সকাভেটর চালকের সহকারী সবুজ হোসেনের ওপর হামলা চালায়। পরিস্থিতি বেগতিক দেখে এক্সকাভেটর চালকেরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

এরপর হামলাকারীরা দুটি এক্সকাভেটর ভাঙচুর করে এবং একপর্যায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। দুর্বৃত্তরা প্রায় দুই ঘণ্টা ঘটনাস্থলে অবস্থান করে। চলে যাওয়ার সময় তারা এক্সকাভেটর মালিকের একটি মোটরসাইকেল, দুটি ব্যাটারি এবং শ্রমিকদের দুটি মোবাইল ফোন নিয়ে যায়।

খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

এক্সকাভেটর চালক সিয়াম মন্ডল জানান, রাতে তারা খাল খননের কাজ করছিলেন। হামলা শুরু হলে অপর চালক তার কাছে এসে যোগ দেন এবং পরে তারা দুজন একসঙ্গে পালিয়ে যান। পরে সরকারি কর্মকর্তা দোস্তদার হোসেনকে বিষয়টি জানানো হলে রাত দুইটার দিকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর পুলিশ ও সরকারি কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এবং খাল খনন প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা দোস্তদার হোসেন বলেন, ঘটনাটি এখনো রহস্যজনক। এটি আপাতদৃষ্টিতে ডাকাতির ঘটনা বলেই মনে হচ্ছে। তিনি জানান, সরকারি জমির ওপর খাল খনন ও খালের পাশে সড়ক নির্মাণ হওয়ায় চরাঞ্চলের ভূমিহীন মানুষ উপকৃত হচ্ছেন এবং তারা এ প্রকল্পে সন্তুষ্ট। এছাড়া প্রকল্প নিয়ে কেউ চাঁদা দাবি করেছে বলেও জানা যায়নি। তাই কী কারণে এ হামলা চালানো হলো, তা স্পষ্ট নয়।

এ ঘটনায় এক্সকাভেটরের মালিকপক্ষ মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং হামলাকারীদের শনাক্তে পুলিশ কাজ শুরু করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও দায়িত্বপ্রাপ্ত ইউএনও তাসমিন জাহান বলেন, সরকারের অগ্রাধিকারভিত্তিক প্রকল্পে হামলার কারণ উদঘাটনে থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ভুক্তভোগীরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

১২৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন