গাইবান্ধা সাব-রেজিস্ট্রার অফিসে অনিয়মের অভিযোগে মানববন্ধন
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ১২:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধা সদর সাব-রেজিস্ট্রার অফিসে দীর্ঘদিন ধরে একটি অনির্বাচিত কমিটির নাম ব্যবহার করে জমি ক্রেতা ও বিক্রেতাদের কাছ থেকে নিয়মবহির্ভূতভাবে অতিরিক্ত অর্থ আদায়ের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (দুপুরে) সদর সাব-রেজিস্ট্রার কার্যালয়ের সামনে গাইবান্ধা জেলা সচেতন নাগরিকদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শতাধিক সচেতন নাগরিক অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্য দেন আব্দুর রউফ, আব্দুর সালাম, মঞ্জুরুল ইসলাম লিটন, ইকবাল রহমান, এসএম মামুনুর রশিদ তুষারসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করে বলেন, দলিল লেখক সমিতির নামে সাব-রেজিস্ট্রার অফিসে নিয়মিত চাঁদাবাজি চলছে। সরকারি কোনো বৈধ কাগজপত্র ছাড়াই সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে। তাদের মতে, সদর সাব-রেজিস্ট্রার অফিস বর্তমানে দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, যেখানে সাধারণ জনগণ প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন। এসব কর্মকাণ্ড একটি অবৈধ কমিটির নাম ব্যবহার করে পরিচালিত হচ্ছে বলেও তারা দাবি করেন।
বক্তারা আরও বলেন, একটি দলিল সম্পাদনে অতিরিক্ত ৫ থেকে ৭ হাজার টাকা পর্যন্ত দিতে হয়। দলিল রেজিস্ট্রেশন করতে কত টাকা লাগে, ক্রেতা ও বিক্রেতাকে কত দিতে হয়, সরকারি ফি, মহুরি ফি, অফিস খরচ, ভ্যাট ও ট্যাক্স—এসব বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন।
এদিকে, গত দুই দিন আগে সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদককে বহিরাগতদের দ্বারা হেনস্তার অভিযোগ ওঠে। এর প্রতিবাদে এবং দোষীদের আইনের আওতায় আনার দাবিতে গত রোববার থেকে কলম বিরতি চলছে।
১২২ বার পড়া হয়েছে