পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৮:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ, জীবন রক্ষায় প্রয়োজন নার্সদের ক্ষমতায়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৯টায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। সকল নার্সিং কর্মকর্তা, পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে এবং বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন পঞ্চগড় জেলা শাখার সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড় হয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, কর্মরত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
পরে সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক মোছা. আমেনা খাতুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আফরোজা বেগম রিনা।
এসময় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জুনিয়র কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মনসুর আলম, নার্স কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, দেশের প্রতিটি স্বাস্থ্যখাতে নার্সরা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন। দিনরাত পরিশ্রম করেও অনেক সময় রোগীর স্বজনদের আচরণে নার্সদের নিরাপত্তা হুমকির মুখে পড়ে, যা অত্যন্ত দুঃখজনক। তাই নার্সদের ক্ষমতায়ন ও তাদের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান তারা।
আলোচনায় বক্তারা আরও বলেন, স্বাস্থ্যখাতে নার্সদের ভূমিকা আরও শক্তিশালী ও মর্যাদাপূর্ণ করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। আধুনিক নার্সিং সেবার পথিকৃৎ ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবছরের মতো এবারও বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক নার্স দিবস উদযাপন করা হচ্ছে।
১২৮ বার পড়া হয়েছে