ব্যাংককে প্রস্তুতি ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী বাংলাদেশ নারী ফুটবল দল
মঙ্গলবার, ১২ মে, ২০২৬ ৭:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতে অনুষ্ঠিতব্য সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে বর্তমানে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুশীলন ক্যাম্প করছে বাংলাদেশ নারী ফুটবল দল।
সাফের আগে সেখানে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা জানিয়েই ঢাকা ছেড়েছিল আফঈদারা। এর মধ্যে প্রথম প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে গতকাল।
ব্যাংককে অনুষ্ঠিত ম্যাচে থাইল্যান্ডের কাসেম বুন্ডিট এফসির বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে বাংলাদেশ। ম্যাচের ১৫ মিনিটে আনিকা প্রথম গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৭৭ মিনিটে উমহেলা দ্বিতীয় গোল করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন।
মূলত ১০ মে ম্যাচটি হওয়ার কথা থাকলেও সেটি অনুষ্ঠিত হয়েছে গতকাল। জানা গেছে, পুরো ম্যাচজুড়েই ভালো ফুটবল খেলেছে বাংলাদেশ নারী দল। থাইল্যান্ড সফরে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ১৭ মে, ব্যাংকক স্পোর্টস এসসির বিপক্ষে।
প্রস্তুতি ক্যাম্প শেষে আগামী ২১ মে ভারতে যাবে বাংলাদেশ নারী ফুটবল দল। সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বে ২৮ মে মালদ্বীপ এবং ৩১ মে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশ নারী ফুটবল দল টানা দুই আসরে সাফ চ্যাম্পিয়ন হয়েছে। এবার তাদের লক্ষ্য টানা তৃতীয় শিরোপা জিতে হ্যাটট্রিক পূরণ করা। সেই লক্ষ্য নিয়েই ভারত সফরে যাবে দলটি।
অন্যদিকে স্বাগতিক ভারতও এবারের টুর্নামেন্টে অন্যতম ফেবারিট। গত দুই আসরে শিরোপা হাতছাড়া হওয়ায় নিজেদের মাঠে ট্রফি পুনরুদ্ধারের লক্ষ্য নিয়েই খেলবে তারা। বাংলাদেশও চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে মাঠে নামবে। দুই দলের সম্ভাব্য ফাইনাল লড়াই নিয়েও ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
১২৪ বার পড়া হয়েছে