সিরাজগঞ্জের রায়গঞ্জে অটোভ্যান চালকের গলাকাটা মরদেহ উদ্ধার
বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ ৯:০৭ অপরাহ্ন
শেয়ার করুন:
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের খৈচালা বিলের পাড় থেকে নাঈম হোসেন (২৫) নামে এক অটোভ্যান চালকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নাঈম হোসেন পার্শ্ববর্তী সলঙ্গা থানার মালতিনগর গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে।
রায়গঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় নাঈম হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। রাত ১০টার দিকে তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
বুধবার ভোরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন। এ সময় সেখানে শোকের মাতম নেমে আসে।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসানুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশটি সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে নাঈম হোসেনকে হত্যা করে তার অটোভ্যান ও ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে তদন্ত অব্যাহত রয়েছে।
১৭৭ বার পড়া হয়েছে