টুঙ্গিপাড়ায় বাল্যবিবাহে বাধা: বরকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড
মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬ ১১:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের নবুখালী গ্রামের হীরা বাড়িতে বাল্যবিবাহের আয়োজন চলছিল।
১৫ বছর বয়সী এক কিশোরীর সঙ্গে বাগেরহাটের মোল্লাহাট উপজেলার জয় চৌধুরীর (২৩) বিয়ের আনুষ্ঠানিকতা চলার সময় প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে যায়।
গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। সোমবার (২৭ এপ্রিল) রাত ৮টার দিকে এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, পাটগাতী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সুবাস বিশ্বাস ও স্থানীয়দের উপস্থিতিতে বিয়ের আয়োজনের সত্যতা পাওয়া যায়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৭(১) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় বর জয় চৌধুরীকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান শেষে কিশোরী তুলি হীরাকে তার অভিভাবকের জিম্মায় হস্তান্তর করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার জানান, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় বিয়ের আয়োজন করা হচ্ছিল—এমন গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত অভিযান পরিচালনা করা হয়। তিনি আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
২০৭ বার পড়া হয়েছে