লংগদুতে ইয়াবাসহ ছাত্রদল নেতা ও ফার্মেসি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির লংগদু উপজেলায় মাদক কারবারের অভিযোগে ছাত্রদল নেতা ও এক ফার্মেসি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৫ এপ্রিল) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার গুলশাখালী ইউনিয়নের চৌমুহনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন—গুলশাখালী ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক শামীম, যিনি মানিকের ছেলে, এবং ফার্মেসি ব্যবসায়ী মোরশেদ, যিনি স্থানীয় খোরশেদের ছেলে। এ সময় তাদের কাছ থেকে একটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
স্থানীয়দের অভিযোগ, শামীম দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তিনি নিজেও মাদকাসক্ত। শনিবার সকালে বিজিবি চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ফার্মেসি দোকান থেকে তাদের আটক করে বলে এলাকাবাসী জানায়।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “গুলশাখালী থেকে বিজিবি একপিস ইয়াবাসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এজাহার দাখিলের পর তাদের বিরুদ্ধে আইনানুগ পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”
এদিকে গুলশাখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মিলন মেম্বারসহ একাধিক বিএনপি নেতা জানান, আটক শামীম ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক। তিনি এবং একটি চক্র দীর্ঘদিন ধরে গুলশাখালী ইউনিয়নে মাদক কারবার চালিয়ে আসছে। এছাড়া মোরশেদের ফার্মেসিতে নিয়মিতভাবে মাদক কেনাবেচা হয় বলে অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, দোকানের সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রেখে সেখানে মাদক কেনাবেচা ও সেবন করা হতো।
২০০ বার পড়া হয়েছে