পঞ্চগড়ে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে ১.৩৬ লাখ শিশুকে
রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ১২:২৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পঞ্চগড় জেলায় ৫ বছরের কম বয়সী প্রায় ১ লাখ ৩৬ হাজার শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা হচ্ছে।
জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির অংশ হিসেবে ১১ দিনব্যাপী এ বিশেষ ক্যাম্পেইন পরিচালিত হবে।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন সিভিল সার্জন ডা. মিজানুর রহমান।
তিনি জানান, জেলায় মোট ১ লাখ ৩৬ হাজার ৫২৭ জন শিশু এ টিকাদান কর্মসূচির আওতায় আসবে। জেলার ৫টি উপজেলা ও ৩টি পৌরসভায় স্থাপিত ১ হাজার ১০৯টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম একযোগে পরিচালিত হবে।
এদিকে, আগামীকাল সকাল ৯টায় সদর উপজেলার শিংপাড়া এলাকায় আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করবেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
এই কর্মসূচির আওতায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সব শিশু টিকা গ্রহণের সুযোগ পাবে। তবে টিকা গ্রহণের জন্য আগ্রহীদের অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
১৩০ বার পড়া হয়েছে