সর্বশেষ

সারাদেশ

খুলনা বিভাগে ২০ এপ্রিল থেকে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু

দিলীপ বর্মন, খুলনা
দিলীপ বর্মন, খুলনা

রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬ ৭:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
হাম-রুবেলা সংক্রামক রোগ প্রতিরোধে আগামীকাল ২০ এপ্রিল থেকে ১০ মে ২০২৬ পর্যন্ত ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।

এ কর্মসূচির অংশ হিসেবে খুলনা বিভাগের সকল জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন ও পৌরসভায় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ উপলক্ষে আজ রবিবার খুলনা বিভাগীয় কমিশনারের সভাকক্ষে বিভাগীয় সমন্বয় কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজমুল হক।

সভায় প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, হাম-রুবেলা একটি ভাইরাসজনিত মারাত্মক সংক্রামক রোগ। এ রোগ প্রতিরোধে সবাইকে সচেতন হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি শিশুই গুরুত্বপূর্ণ, তারা দেশের ভবিষ্যৎ। তাই এই ক্যাম্পেইনে কোনো শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, অনেক শিশু টিকা নিতে ভয় পায়, তবে ভয় পাওয়ার কিছু নেই। অভিভাবকদের শিশুদের টিকাদান কেন্দ্রে নিয়ে আসতে হবে। পাশাপাশি হাম-রুবেলা টিকা প্রদানে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শুক্রবারের জুমার খুতবা ও অন্যান্য নামাজের আগে এ বিষয়ে প্রচারের জন্য তিনি ইমামদের প্রতি আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানরা সভায় অংশগ্রহণ করেন। হাম-রুবেলা বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. মো. আরিফ। অনুষ্ঠানটির আয়োজন করে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর।

সভায় জানানো হয়, খুলনা বিভাগের ১০ জেলায় মোট ১৬ লাখ ১১ হাজার ৭০২ জন শিশুকে এক ডোজ হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ কর্মসূচিতে ১৪ হাজার ৯৩৬টি টিকাদান কেন্দ্র কাজ করবে। এতে ২ হাজার ২৯৪ জন টিকাদানকারী এবং ৭ হাজার ৭৫৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন। ছুটির দিন ব্যতীত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ ক্যাম্পেইন চলবে।

এছাড়া, টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে রেজিস্ট্রেশন পদ্ধতি চালু করা হয়েছে। যাদের ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী শিশু রয়েছে, তারা vaxepi.gov.bd ওয়েবসাইটে গিয়ে অনলাইন জন্মনিবন্ধনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। তবে যাদের জন্মনিবন্ধন নেই, তারাও রেজিস্ট্রেশন ছাড়াই টিকা গ্রহণ করতে পারবে।

আগামীকাল ২০ এপ্রিল সকাল সাড়ে ৯টায় ফুলবাড়ি গেট বক্ষব্যাধি হাসপাতালে বিভাগীয় পর্যায়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন