আবারও মুখোমুখি হচ্ছে যুক্তরাষ্ট্র–ইরান: সোমবার পাকিস্তানে নতুন বৈঠক
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দীর্ঘদিন ধরে চলমান সংঘাতের অবসান ঘটাতে আগামী সোমবার (২০ এপ্রিল) আবারও দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান।
আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ইরানি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের প্রতিনিধিদল রোববারই পাকিস্তানে পৌঁছাবে এবং সোমবার আনুষ্ঠানিকভাবে আলোচনা শুরু হবে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি যুক্তরাষ্ট্র।
এর আগে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। দীর্ঘ সময় আলোচনা চললেও সেখানে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি। পরে পাকিস্তানের মধ্যস্থতায় পুনরায় আলোচনায় বসতে সম্মত হয় দুই দেশ।
পাকিস্তানের সরকারি সূত্র জানিয়েছে, গত মঙ্গলবার থেকে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরাতে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়। বর্তমানে দুই দেশের মধ্যে ১৪ দিনের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর থাকায় নতুন করে সংলাপের সুযোগ তৈরি হয়েছে।
আসন্ন বৈঠককে কেন্দ্র করে ইসলামাবাদ ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। অন্যান্য প্রদেশ থেকে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হচ্ছে।
উল্লেখ্য, টানা ৪০ দিনের সংঘাতের পর গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর ১১ এপ্রিল ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী আলোচনা হলেও কোনো চূড়ান্ত সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
নতুন এই বৈঠককে সম্ভাব্য স্থায়ী শান্তিচুক্তির পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
১২০ বার পড়া হয়েছে