কুমিল্লায় হাম-রুবেলায় আরও এক শিশুর মৃত্যু
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ১:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
কুমিল্লায় হাম-রুবেলায় আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়।
মৃত শিশুটি রায়হান (৮)। সে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রামচন্দ্রপুর এলাকার ফারুকের ছেলে। এ নিয়ে জেলায় হাম-রুবেলায় আক্রান্ত হয়ে মোট চার শিশুর মৃত্যু হলো।
চিকিৎসকদের তথ্য অনুযায়ী, গত ১৪ এপ্রিল রাতে অতিরিক্ত জ্বর, কাশি এবং শরীরে তীব্র র্যাশসহ হাম-রুবেলার উপসর্গ নিয়ে রায়হানকে হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসোলেশন ওয়ার্ডে রাখা হয়।
এদিকে কুমিল্লায় হাম-রুবেলার সংক্রমণ ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর চাপ বেড়ে যাওয়ায় তীব্র শয্যা সংকট দেখা দিয়েছে। শয্যা না পেয়ে অনেক রোগীকে মেঝে, বারান্দা এবং করিডোরে রেখে চিকিৎসা দিতে হচ্ছে বলে জানা গেছে।
হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মিয়া মনজুর আহমেদ বলেন, “মৃত শিশুটি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় ভর্তি হয়েছিল। প্রতিদিনই সংক্রমণ বাড়ছে। বর্তমানে হাম আইসোলেশন ওয়ার্ডে নতুন করে আরও ৩৬ শিশু ভর্তি হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত মোট ৯৪ শিশু ভর্তি রয়েছে।”
অন্যদিকে স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ২৪ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে।
১২৩ বার পড়া হয়েছে