গণতন্ত্র ছাড়া বাংলাদেশের অগ্রগতি সম্ভব নয়: স্পিকার হাফিজ উদ্দিন
বৃহস্পতিবার , ১৬ এপ্রিল, ২০২৬ ৯:০৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা সফরের অংশ হিসেবে বেলা ১২টায় বরিশাল নগরীর সার্কিট হাউসে অবস্থানকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয়। গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করতে পারলে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব।
স্পিকার আরও বলেন, বর্তমানে পড়াশোনা ও খেলাধুলার তুলনায় রাজনীতির প্রতি মানুষের আগ্রহ বেশি দেখা যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে রাজনৈতিক চেতনা ও আন্দোলনের মাধ্যমে। যখন স্বৈরশাসন জনগণের ওপর চেপে বসে, তখন ছাত্র-যুবকরাই রাজপথে নেমে এসে তার অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করেছে।
তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্র ছাড়া বাংলাদেশের উন্নয়ন বা সমৃদ্ধি অর্জন সম্ভব নয়। রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সাধারণ মানুষের গণতন্ত্রের প্রতি আগ্রহও বেড়েছে বলে তিনি মন্তব্য করেন। তার মতে, এটি বাংলাদেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে।
স্পিকার বলেন, গত ১৬ বছরের স্বৈরশাসনের পর ছাত্র-জনতা ও সাধারণ মানুষ রাজপথে নেমে যেভাবে মাফিয়া তন্ত্রের অবসান ঘটিয়েছে, তা দেশের জন্য একটি গৌরবময় অধ্যায়। তিনি আশা প্রকাশ করেন, দেশের গণতান্ত্রিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং গণতন্ত্রের মাধ্যমেই অর্থনৈতিক অগ্রগতি অর্জন সম্ভব হবে।
বীর মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমদ বলেন, একটি সুন্দর ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংসদ গঠিত হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই সংসদ বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে সক্ষম হবে।
এর আগে বরিশাল সার্কিট হাউসে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি তার সংসদীয় আসন ভোলা জেলার উদ্দেশে রওনা দেন।
১২০ বার পড়া হয়েছে