নোয়াখালীর সেনবাগে ৫ হাজার ৫০০ লিটার জ্বালানি তেল জব্দ, ব্যবসায়ীকে জরিমানা
মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬ ৪:৩৩ অপরাহ্ন
শেয়ার করুন:
নোয়াখালীর সেনবাগ পৌরসভার ৫ নম্বর কাদরা ওয়ার্ডে এক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ইমতিয়াজ ভূঁইয়া নামে এক ব্যবসায়ীর বাড়ি থেকে মোট ৫ হাজার ৫০০ লিটার তেল উদ্ধার করা হয়। এর মধ্যে ৪ হাজার লিটার ডিজেল এবং ১ হাজার ৫০০ লিটার পেট্রোল রয়েছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে মধ্য কাদরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সেনবাগ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, স্থানীয় ব্যবসায়ী ইশতিয়াক ভূঁইয়া খুচরা বাজারে বিক্রি না করে নিজ বাড়িতে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করে রেখেছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ড্রামে সংরক্ষিত অবস্থায় এসব তেল জব্দ করা হয়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর পেয়ারা বেগম জানান, জব্দ করা তেল পরবর্তীতে মাইকিংয়ের মাধ্যমে সাধারণ ক্রেতাদের কাছে বিক্রি করা হবে। পাশাপাশি অবৈধভাবে জ্বালানি তেল মজুদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
১২৩ বার পড়া হয়েছে