সাংগ্রাই উৎসব শুরু বান্দরবানে, বর্ণাঢ্য শোভাযাত্রায় উৎসবমুখর শহর
সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬ ৮:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য জেলা বান্দরবান-এ বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে সাংগ্রাই উৎসব। প্রতি বছর ১৩ এপ্রিল পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে মারমা সম্প্রদায় এ উৎসব উদ্যাপন করে থাকে।
সোমবার (১৩ এপ্রিল) সকালে বান্দরবান শহরের ঐতিহ্যবাহী রাজার মাঠ থেকে একটি বর্ণিল ও আনন্দঘন শোভাযাত্রা বের করা হয়। এতে মারমা সম্প্রদায়ের পাশাপাশি পার্বত্য অঞ্চলে বসবাসরত আরও ১১টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারী-পুরুষ অংশ নেন।
অংশগ্রহণকারীরা নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও বর্ণিল সাজে সজ্জিত হয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন, যা পুরো শহরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
শোভাযাত্রার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু। তিনি বলেন, বান্দরবানসহ পার্বত্য তিন জেলার বিভিন্ন জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক বৈচিত্র্য বাংলাদেশের সামগ্রিক সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।
শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটে গিয়ে শেষ হয়। পরে সেখানে বয়স্ক পূজা ও অন্যান্য ধর্মীয় আচার-অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংগ্রাই উৎসব উপলক্ষে পার্বত্য এলাকার বিভিন্ন জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সমন্বয়ে নানা আয়োজন করে থাকে। এ উৎসব কেবল নতুন বছরকে বরণই নয়, বরং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সাংস্কৃতিক ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
১৯০ বার পড়া হয়েছে