বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনেও ফ্রি ওয়াই-ফাই থাকবে: তথ্যপ্রযুক্তি মন্ত্রী
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১২:১২ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের সব বিমানবন্দর, রেলওয়ে স্টেশন এবং দূরপাল্লার ট্রেনগুলোকে পর্যায়ক্রমে বিনামূল্যে ওয়াই-ফাই সেবার আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ তথ্য জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।
শনিবার (১১ এপ্রিল) সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ‘সবার জন্য ইন্টারনেট’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে কার্যক্রম শুরু হয়েছে।
তিনি জানান, দেশের চারটি ট্রেনে পরীক্ষামূলকভাবে ইন্টারনেট সেবা চালু করা হয়েছে, যার মধ্যে দুটি ট্রেন কক্সবাজার রুটে চলাচল করছে। এছাড়া সরকারি হাসপাতালগুলোতেও ধাপে ধাপে বিনামূল্যে ওয়াই-ফাই চালুর কাজ চলছে।
সমুদ্র উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা জোরদারের বিষয়ে মন্ত্রী বলেন, বঙ্গোপসাগরে মাছ ধরার ট্রলার ও জেলেদের জন্য স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা চালু করা জরুরি। এতে ঘূর্ণিঝড়ের আগাম সতর্কতা প্রদান, জলদস্যুতা প্রতিরোধ এবং জরুরি যোগাযোগ সহজতর হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সব পক্ষের সহযোগিতা প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন।
পর্যটন খাতের উন্নয়ন প্রসঙ্গে তিনি জানান, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোকে ফ্রি ওয়াই-ফাইয়ের আওতায় আনার কাজ চলছে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে অবকাঠামোগত উন্নয়ন এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে সরকার কাজ করছে। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের পর্যটকদের সঙ্গে সৌজন্যমূলক আচরণ এবং শহর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান তিনি।
প্রযুক্তি শিক্ষার প্রসার নিয়েও গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে ইন্টারনেট সেবা সম্প্রসারণের পাশাপাশি ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে দক্ষ জনবল গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
কক্সবাজারের জেলা প্রশাসক মো. আব্দুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ উপস্থিত ছিলেন। এছাড়া বক্তব্য দেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান এবং কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
সভায় নিরাপদ ইন্টারনেট ব্যবহার, সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং শিক্ষার ডিজিটাল রূপান্তর নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময় সভা শেষে বিকেলে মন্ত্রী কক্সবাজার সাবমেরিন ল্যান্ডিং স্টেশন এবং কক্সবাজার রেলওয়ে স্টেশনে যাত্রীদের জন্য ফ্রি ওয়াই-ফাই জোনের উদ্বোধন করেন।
সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহেন আসিফ আসাদ জানান, বিটিসিএলের সেবা নিয়ে সাধারণ মানুষের অভিযোগ এবং দীর্ঘসূত্রতা দূর করতে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে। একই সঙ্গে কক্সবাজারে মোবাইল নেটওয়ার্কের মানোন্নয়ন এবং ফ্রি ওয়াই-ফাই সুবিধা আরও সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরে মন্ত্রী ও উপদেষ্টা কক্সবাজার হিলডাউন সার্কিট হাউসে বিটিসিএল, টেলিটক, সাবমেরিন কেবল, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি এবং ডাক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠক করেন। বৈঠকে ডাক ও টেলিযোগাযোগ সচিব এবং জেলা প্রশাসকও উপস্থিত ছিলেন।
১২৪ বার পড়া হয়েছে