কোটালীপাড়ায় ভেজাল গুড় তৈরি: ব্যবসায়ীকে জরিমানা, ১৫ মন গুড় ধ্বংস
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ১২:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ভেজাল গুড় তৈরির অভিযোগে চয়ন সরকার নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ১৫ মন ভেজাল গুড় পানিতে ফেলে নষ্ট করা হয়।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার কলাবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক সাগুফতা হক।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাগুফতা হক জানান, কলাবাড়ী গ্রামে ভেজাল গুড় তৈরির গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। অভিযানে চয়ন সরকারকে ভেজাল গুড় তৈরির দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং ১৫ মন গুড় ধ্বংস করা হয়। তিনি আরও বলেন, এ ধরনের ভেজালবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
চয়ন সরকার কলাবাড়ী গ্রামের রমেশ সরকারের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, চয়ন সরকার দীর্ঘদিন ধরে ভালো গুড়ের সঙ্গে নষ্ট গুড় ও চিনি মিশিয়ে তা জ্বাল দিয়ে বাজারে বিক্রি করে আসছিলেন। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান তার মতো ব্যবসায়ীদের জন্য সতর্কবার্তা হিসেবে কাজ করবে বলে তারা মনে করেন।
অভিযুক্ত চয়ন সরকার বলেন, তিনি ভালো গুড়ের সঙ্গে চিনি মিশিয়ে গুড় তৈরি করে বিভিন্ন বাজার ও মেলায় বিক্রি করতেন। তবে তিনি দাবি করেন, পচা বা খারাপ গুড় ব্যবহার করেননি। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কাজ আর করবেন না বলেও তিনি স্বীকার করেন।
১২২ বার পড়া হয়েছে