গফরগাঁওয়ে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা পর যাত্রা
শনিবার, ১১ এপ্রিল, ২০২৬ ৯:১৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে।
বিকলের প্রায় আড়াই ঘণ্টা পর রিলিফ ইঞ্জিনের সহায়তায় ট্রেনটি গন্তব্যের উদ্দেশে যাত্রা করে। এ ঘটনায় ট্রেনের যাত্রীরা চরম ভোগান্তির শিকার হন।
শনিবার (১১ এপ্রিল) বেলা ১১টার দিকে উপজেলার মশাখালী রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশে ছেড়ে যায়। এর আগে একই দিন সকাল সাড়ে ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় ট্রেনটির ইঞ্জিন বিকল হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা বলাকা কমিউটার ট্রেনটি নেত্রকোনার জারিয়া পর্যন্ত যাচ্ছিল। সকাল সাড়ে ৮টার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় পৌঁছালে ইঞ্জিন বিকল হয়ে যায়। এ সময় রেলওয়ে কর্মীরা চেষ্টা করেও ইঞ্জিনের ত্রুটি সারাতে পারেননি। পরে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন আনা হলে বেলা ১১টার দিকে ট্রেনটি গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।
তিনি আরও বলেন, ইঞ্জিন বিকলের কারণে রেলওয়ে স্টেশনের একটি লাইন সাময়িকভাবে ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা–ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে প্রায় আড়াই ঘণ্টা দেরিতে ট্রেন ছাড়ায় যাত্রীরা ব্যাপক ভোগান্তির মুখে পড়েন।
১৯২ বার পড়া হয়েছে