সাঁথিয়ায় স্কুলে নির্ধারিত ‘হেয়ার স্টাইল’ বাধ্যতামূলক, অমান্য করলে শাস্তির ঘোষণা
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ৪:০০ অপরাহ্ন
শেয়ার করুন:
পাবনার সাঁথিয়া উপজেলার একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য নির্দিষ্ট ‘হেয়ার স্টাইল’ অনুসরণ বাধ্যতামূলক করা হয়েছে। এ নির্দেশনা না মানলে শাস্তিমূলক ব্যবস্থারও হুঁশিয়ারি দিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ, যা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা গেছে, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) সাঁথিয়া উপজেলা পরিষদ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করা হয়। প্রধান শিক্ষক লিটন উদ্দিন স্বাক্ষরিত ওই নোটিশ বিদ্যালয়ের নোটিশ বোর্ডে টাঙানোর পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।
নোটিশে উল্লেখ করা হয়, আগামী ১৫ এপ্রিল থেকে শিক্ষার্থীদের নির্ধারিত একটি মডেল অনুযায়ী চুল ছাঁটাই করে এবং হাত-পায়ের নখ কেটে বিদ্যালয়ে উপস্থিত হতে হবে। এ জন্য একটি নির্দিষ্ট চুলের কাটিংয়ের ছবিও সংযুক্ত করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ‘প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের’ দায়ে শাস্তির আওতায় আনার কথা বলা হয়েছে।
এছাড়া নোটিশের বিশেষ দ্রষ্টব্য অংশে জানানো হয়, সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশক্রমে এই সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে।
বিদ্যালয় কর্তৃপক্ষের এ সিদ্ধান্তে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ এটিকে শৃঙ্খলা রক্ষার ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন, আবার কেউ ব্যক্তিস্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে সমালোচনা করছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, শৃঙ্খলা জরুরি হলেও চুলের স্টাইল নিয়ে শাস্তির হুমকি শিক্ষার্থীদের মধ্যে অযথা ভীতি তৈরি করতে পারে।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিটন উদ্দিন বলেন, শিক্ষার পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের মধ্যে সমতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি দাবি করেন, এটি কোনো বাড়তি চাপ নয়, বরং প্রশাসনিক নির্দেশনার অংশ।
তবে এ বিষয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিজু তামান্নার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।
১১৭ বার পড়া হয়েছে