টেকনাফে মুরগির খামার থেকে ৫ লাখ ইয়াবা উদ্ধার, মালিক পলাতক
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ২:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। উদ্ধার হওয়া এসব মাদকদ্রব্য একটি মুরগির খামারে লুকিয়ে রাখা হয়েছিল বলে জানা গেছে।
পুলিশ জানায়, শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল রঙ্গিখালী ৭ নম্বর ওয়ার্ডে অভিযান পরিচালনা করে। এ সময় নুরুল হোসাইন (৩০) নামে এক ব্যক্তির মুরগির খামারের একটি কক্ষে তল্লাশি চালিয়ে কাঠের নিচে লুকানো অবস্থায় দুটি বস্তা উদ্ধার করা হয়।
পরে বস্তা দুটি খুলে দেখা যায়, সেখানে ৫০টি প্যাকেটে মোট প্রায় ৫ লাখ পিস ইয়াবা মজুদ রয়েছে। তবে অভিযানের সময় খামারের মালিক নুরুল হোসাইন পালিয়ে যান। তিনি ওই এলাকার গুরা মিয়ার ছেলে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, মিয়ানমার থেকে আসা বড় একটি মাদক চালানের অংশ হিসেবে এসব ইয়াবা খামারে মজুদ রাখা হয়েছিল।
এ ঘটনায় পলাতক নুরুল হোসাইনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি এ চক্রের সঙ্গে জড়িত অন্যান্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
১১৯ বার পড়া হয়েছে