ঢাকা ট্রাভেল মার্টে পর্যটন অফারের ঝড়, দ্য ভিলেজ স্টলে দর্শনার্থীদের ভিড়
শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬ ২:৪৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা “এয়ার অ্যাস্ট্রা ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬”। পর্যটন বিষয়ক শীর্ষস্থানীয় প্রকাশনা ‘দি বাংলাদেশ মনিটর’-এর আয়োজনে অনুষ্ঠিত এ মেলার ২১তম আসরের টাইটেল স্পন্সর বেসরকারি এয়ারলাইন এয়ার অ্যাস্ট্রা।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সংসদ সদস্য এম নাছের রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গত দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশ মনিটরের অবদানের প্রশংসা করেন।
মেলায় নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীনসহ বিভিন্ন দেশের ৫০টিরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ১০টি প্যাভিলিয়ন ও ৮০টির বেশি বুথে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। এর মধ্যে রয়েছে জাতীয় পর্যটন সংস্থা, বিমান সংস্থা, ট্রাভেল এজেন্সি, হোটেল-রিসোর্ট, ট্যুর অপারেটর, আর্থিক প্রতিষ্ঠান এবং চিকিৎসা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান।
মেলায় আগত দর্শনার্থীরা দেশি-বিদেশি বিমানের টিকিট, ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং এবং মেডিকেল ট্যুরিজমসহ বিভিন্ন সেবায় আকর্ষণীয় ছাড় পাচ্ছেন। পাশাপাশি প্রবেশ টিকিটের ওপর রাখা হয়েছে র্যাফেল ড্র’র ব্যবস্থাও।
এদিকে, মেলায় অংশ নেওয়া রিমঝিম গ্রুপের ‘দ্য ভিলেজ লাক্সারি হোটেল অ্যান্ড রিসোর্ট’ স্টলে দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে। নিরিবিলি পরিবেশ ও আধুনিক সুযোগ-সুবিধার সমন্বয়ে গড়ে ওঠা এ প্রকল্পটি ১৫০ বিঘা জমির ওপর নির্মিত হচ্ছে।
মেলা উপলক্ষে প্রতিষ্ঠানটি বিশেষ অফার ঘোষণা করেছে। মাত্র ৫০ শতাংশ মূল্য পরিশোধের মাধ্যমে জমির সাফ-কবলা রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হচ্ছে, যা বিনিয়োগকারীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ সৃষ্টি করেছে।
আয়োজকরা জানান, ভ্রমণপিপাসুদের জন্য সাশ্রয়ী প্যাকেজের পাশাপাশি বিনিয়োগের সুযোগও থাকায় মেলাটি ব্যাপক সাড়া ফেলেছে। আগামী ১১ এপ্রিল পর্যন্ত চলবে এই আয়োজন।
১৪২ বার পড়া হয়েছে