সুন্দরবনে দস্যুতা দমনে কোস্ট গার্ডের যৌথ অভিযান, দেড় বছরে আটক ৬১ দস্যু
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
সুন্দরবনে দস্যুতা দমনে যৌথ অভিযান পরিচালনা করেছে কোস্ট গার্ড। এই অভিযানে নৌবাহিনী, কোস্ট গার্ড, পুলিশ ও বন বিভাগের সমন্বয়ে কার্যক্রম পরিচালনা করে কোস্ট গার্ড পশ্চিম জোন।
বুধবার (৮ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড সর্বদা সক্রিয় ও প্রতিশ্রুতিবদ্ধ। দস্যুতা দমনে কোস্ট গার্ড নিয়মিত যৌথ অভিযান এবং গোপন তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। বিগত দেড় বছরে কোস্ট গার্ডের ধারাবাহিক অভিযানে সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম-শরীফ, নানা ভাই, ছোট সুমন, আলিফ ও আসাবুর বাহিনীর মোট ৬১ জন সদস্যকে আটক করা হয়েছে।
তিনি আরও জানান, এসব অভিযানে ৮০টি বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, ৫৯৯ রাউন্ড তাজা গুলি, ৩০৮ রাউন্ড ফাঁকা গুলি এবং ১,৯৫০ রাউন্ড এয়ারগানের গুলি জব্দ করা হয়েছে। একই সঙ্গে দস্যুদের কবল থেকে ৭৮ জন জেলে ও ৩ জন পর্যটককে উদ্ধার করা হয়েছে।
সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের যৌথ অভিযান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, সুন্দরবনের সঙ্গে সম্পৃক্ত ও নির্ভরশীল ব্যক্তিদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সার্বক্ষণিক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে। সুন্দরবনের ভেতরে ও আশপাশের নদী ও খালে কোস্ট গার্ডের নজরদারি আরও বাড়ানো হয়েছে।
এছাড়াও, ডাকাত বাহিনীর কয়েকটি আস্তানা শনাক্ত করে সেগুলো গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত রয়েছে।
সুন্দরবনের দস্যুতা দমনে পরিচালিত যৌথ অভিযানে ব্রিফিং প্রদান করেন লেফটেন্যান্ট সাকিব ইমরান, এক্স, বিএন, নেভিগেটিং কর্মকর্তা, বিসিজিএস স্বাধীন বাংলা।
১৫২ বার পড়া হয়েছে