নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল
বুধবার, ৮ এপ্রিল, ২০২৬ ১:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন এসএসসি পরীক্ষাকে সামনে রেখে নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০২৬ সালের পরীক্ষার্থীদের সম্মানে এক আন্তরিক বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৮ এপ্রিল) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে একদিকে ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য, অন্যদিকে বিদায়ের আবেগঘন পরিবেশ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও স্কুল গভর্নিং বডির সভাপতি এম. সাজ্জাদুল হাসান। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই চলবে না, তাদের ভালো মানুষ হিসেবেও গড়ে উঠতে হবে। দেশ ও সমাজের জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী প্রেসক্লাবের সভাপতি ও বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মাখন দাস, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি মো. বাবুল সরকার, সাটিরপাড়া কালীকুমার ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব এবং ৫নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর মো. সাইফুল ইসলাম ভূঁইয়া বাবুসহ অন্যান্যরা।
এসময় মাখন দাস স্মৃতিচারণ করে বলেন, এই বিদ্যালয়েই তার শৈশব ও কৈশোর কেটেছে এবং এখান থেকেই তিনি জীবনের প্রথম শিক্ষা লাভ করেছেন। তিনি বর্তমান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করার জন্য নয়, মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। বিদ্যালয় তাদের স্বপ্ন দেখতে শিখিয়েছে, এখন সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব তাদেরই। শিক্ষার্থীদের মাধ্যমেই শিক্ষকদের সম্মান ও প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি পাবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকারা বিদায়ী শিক্ষার্থীদের সঙ্গে কাটানো স্মৃতির কথা তুলে ধরেন। তারা বলেন, এই শিক্ষার্থীদের সঙ্গে কাটানো সময়গুলো তাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে এবং তারা ভবিষ্যতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে সফল হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রধান শিক্ষক রঞ্জিত চন্দ্র দেবনাথ পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এসএসসি পরীক্ষা তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সততার সঙ্গে এগিয়ে গেলে সফলতা অর্জন করা সম্ভব।
অনুষ্ঠানে অভিভাবক প্রতিনিধিরাও বক্তব্য রাখেন। তারা শিক্ষার্থীদের জন্য শুভকামনা জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
বিদায়ী শিক্ষার্থীরাও তাদের অনুভূতি প্রকাশ করে জানায়, বিদ্যালয়ের স্মৃতিগুলো তারা কখনো ভুলবে না। এই প্রতিষ্ঠান তাদের দ্বিতীয় ঘর এবং শিক্ষকদের দিকনির্দেশনা তাদের জীবনের পাথেয় হয়ে থাকবে। বক্তব্য প্রদানকালে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। পরে শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা স্মারক বিতরণ করা হয়। সর্বশেষে সকলের অংশগ্রহণে এক আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
১২৩ বার পড়া হয়েছে