নড়াইল জেলা ছাত্রদলের সম্মেলন: সাধারণ সম্পাদক পদপ্রার্থীর মতবিনিময় সভা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
নড়াইল জেলা ছাত্রদলের আসন্ন সম্মেলনকে কেন্দ্র করে তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন সাধারণ সম্পাদক পদপ্রার্থী স ম রাকিবুজ্জামান পাপ্পু।
সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে কালিয়া উপজেলা ছাত্রদলের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন ছাত্রদল নড়াইল জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক স ম রাকিবুজ্জামান পাপ্পু, কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি এস এম রাকিব, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ছাত্রদল কালিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আশিকুর রহমান রুবেল, জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক স ম রাসেল রানা, কালিয়া পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মাসুদ রানা এবং অন্যান্য দলীয় নেতাকর্মীরা।
বক্তারা বলেন, ২০১৮ সালের ১৩ জুন নড়াইল জেলা ছাত্রদলের সর্বশেষ কমিটি গঠিত হয়। কমিটিতে সভাপতি হিসেবে ফরিদ বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে খন্দকার মাহমুদুল হাসান সনি নির্বাচিত হন। এরপর ২০২১ সালের ৩১ মার্চ পূর্ণাঙ্গ জেলা কমিটি অনুমোদন করে কেন্দ্রীয় কমিটি।
বিগত সরকারের সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে দীর্ঘ ৮ বছরেও জেলা ছাত্রদলের সম্মেলন হয়নি। ৫ আগস্টের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠনের পর, এখন নড়াইল জেলা ছাত্রদলের নতুন কমিটি গঠনের জোর দাবি জানিয়েছেন দলীয় নেতাকর্মীরা।
এই প্রেক্ষাপটে রাজনৈতিক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতা স ম রাকিবুজ্জামান পাপ্পু নড়াইল জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা রাকিবুজ্জামান পাপ্পু সংগঠনকে সুসংগঠিত করতে সাধারণ সম্পাদক পদপ্রার্থী হিসেবে প্রতিশ্রুতিবদ্ধ।
ছাত্রদল নেতা স ম রাকিবুজ্জামান পাপ্পু বলেন, “বিগত ১৭ বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করতে গিয়ে হামলা, মামলা, নির্যাতন, ক্রসফায়ারের হুমকিসহ কারাবরণ করেছি। তবুও বিএনপির আদর্শ থেকে পিছপা হইনি। বিএনপির তৎকালীন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় প্রতিটি কর্মসূচীতে সক্রিয় থেকেছি। এছাড়া জেলা বিএনপির সভাপতি ও বর্তমান নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের দিক-নির্দেশনায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ছাত্রদলের একজন কর্মী হিসেবে সবাইকে নিয়ে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছি।”
তিনি আরও উল্লেখ করেন, “মামলার শিকার হয়ে আওয়ামী লীগ সরকারের সময়ে আমাকে এবং আমার বাবা, কালিয়া উপজেলা বিএনপির বর্তমান সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলুকে একসঙ্গে হাতকড়া পরিয়ে গরুর রশি বেঁধে টেনে নেয়ার মতো নিদারুণ ঘটনা আমাদের সঙ্গে ঘটেছে। এছাড়া পুলিশ আমার মায়ের কাছে এসে আমাকে ক্রসফায়ার দিবে বলে হুমকি দিয়েছে। আমি এবং আমার বাবা কারাগারে থাকায় ঈদের দিনও আমার মাকে কারাগারের চারপাশে ঘুরতে হয়েছে। তাই আমার দাবি, আসন্ন ছাত্রদল নড়াইল জেলা কমিটিতে ত্যাগের মূল্যায়ন হোক, ত্যাগীরা নেতৃত্বে উঠে আসুক। এতে সংগঠন শক্তিশালী হবে এবং দল গতিশীল হবে।”
১৪৬ বার পড়া হয়েছে