টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনকে পরিমাপে কম দেওয়ায় ৩০ হাজার টাকা জরিমানা
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পরিমাপে কম তেল দেওয়ার অভিযোগে টুঙ্গিপাড়া ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
আজ সোমবার বিকালে এই জরিমানা করেন টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও উপস্থিত ছিলেন।
টুঙ্গিপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল আমিন হালদার জানান, টুঙ্গিপাড়া ফিলিং স্টেশন কর্তৃপক্ষ পরিমাপে তেল কম দিচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে লিটারে তেলের পরিমাণ কম দেওয়ার সত্যতা পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮ এর ৪৬ (ক) ধারা অনুযায়ী ফিলিং স্টেশনের মালিক জাকির হোসেনকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরও বলেন, তেলের আতঙ্কে মানুষ পেট্রোল, অকটেন ও ডিজেল তেল নিতে পাম্পে ভিড় করছে। সেই সুযোগে পাম্প মালিক জাকির হোসেন পরিমাপে কারচুপির অভিযোগের সত্যতা পাওয়া গেলে জরিমানা করা হয়েছে। তেলের দাম বৃদ্ধির সঙ্গে পরিমাপে কারচুপির বিরুদ্ধে প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।
উল্লেখ্য, বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং খোলা বাজারে জ্বালানি তেলের মজুদ ও বিতরণ তদারকি করা হয়। এছাড়া নিয়মিতভাবে সড়ক পরিবহন আইন ২০১৮, কৃষি বিপণন আইন ২০১৮, পেট্রোলিয়াম আইন ২০১৬ প্রভৃতি আইনে মোবাইল কোর্ট কার্যক্রম চলমান রয়েছে। বাজারে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা এবং সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
১২৪ বার পড়া হয়েছে