সাতক্ষীরায় সাংবাদিক হামলার ঘটনায় পাল্টা মামলা, প্রকাশ্যে আসামিদের ঘোরাফেরা, সংবাদ সম্মেলনে প্রতিবাদ
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ২:১১ অপরাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা শহরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় দায় এড়াতে পাল্টা মামলা এবং আসামিদের প্রকাশ্যে ঘোরাফেরা প্রসঙ্গে অভিযোগ উঠেছে।
সোমবার (৬ এপ্রিল) দুপুরে সাতক্ষীরা সদর দলিল লেখক সমিতির ব্যানারে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সমিতির নেতারা তাদের সভাপতির বিরুদ্ধে দায়ের করা মামলাকে ‘মিথ্যা’ দাবি করে তা প্রত্যাহারের আহ্বান জানান। বিষয়টি কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
সাংবাদিক মহলের অভিযোগ, এনটিভির সাংবাদিক এস.এম জুলফিকার আলী জিন্নাহ’র ওপর হামলার ঘটনায় দায় এড়াতেই এই সংবাদ সম্মেলন আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি মিজানুর রহমান। এতে গত ৩০ মার্চ সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘটে যাওয়া ঘটনার জন্য সাংবাদিক জিন্নাহকে দায়ী করা হয় এবং তাকে গ্রেপ্তারের দাবি জানানো হয়।
স্থানীয় সাংবাদিকরা বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাদের দাবি, নির্ধারিত ‘সিন্ডিকেট’ এর বাইরে গিয়ে জমি রেজিস্ট্রি করতে গেলে সাংবাদিক জিন্নাহ ও জমির মালিকের ওপর হামলা চালানো হয়। পরবর্তীতে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে উল্টো ভুক্তভোগীদের বিরুদ্ধেই মামলা করা হয়েছে। সাংবাদিকরা অভিযোগ করছেন, মামলার আসামি হওয়া সত্ত্বেও দলিল লেখক সমিতির সভাপতি শেখ মাহবুব উল্লাহ জামিন ছাড়া প্রকাশ্যে সাব-রেজিস্ট্রি অফিসে ঘোরাফেরা করছেন এবং কার্যক্রম পরিচালনা করছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছে।
এদিকে, সংবাদ সম্মেলনের ব্যানারে ‘সংবাদ’ শব্দটি ভুল করে ‘সাংবাদ’ লেখা হওয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।
এর আগে, রবিবার সাতক্ষীরা প্রেসক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সাংবাদিক জিন্নাহ’র ওপর হামলাকারীদের গ্রেপ্তার, মিথ্যা মামলা প্রত্যাহার এবং সদর থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল।
পাল্টাপাল্টি অভিযোগ, মামলা ও কর্মসূচিকে ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীনুর রহমান জানান, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন এমন বিষয়টি আমরা অবগত নই। বিষয়টি আমরা দেখবো।”
১২৪ বার পড়া হয়েছে