কোটালীপাড়ায় অবৈধ দখলমুক্ত হলো কুশলা বাজারের খাল
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ১২:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় অবৈধভাবে দখলকৃত খাল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
সোমবার (০৬ এপ্রিল) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহের নেতৃত্বে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে কুশলা বাজারের পশ্চিম পাশের খালটি দখলমুক্ত করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক শেখ, ইউছুপ শেখ, মিলন ফকির, মিজান শেখ ও সামচুল শেখসহ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করেছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার মোঃ মাসুম বিল্লাহ নেতৃত্বে প্রশাসন দ্রুত খালটি দখলমুক্ত করেন।
তবে খালটির বিভিন্ন স্থানে এখনো পাকা ভবন ও দোকান রয়েছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তারা দাবি করেছেন, দ্রুত সময়ের মধ্যে পুরো খালটি দখলমুক্ত করে খনন করা উচিত।
এদিকে খাল দখলের বিষয়ে দখলদারদের কাছে জানতে চাওয়া হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান চৌধুরী সুলতান মাহমুদ কালু বলেন, “এই খালটির বিভিন্ন স্থানে এখনো অনেকে দখল করে আছে। আমি চাই খালটি সম্পূর্ণ দখলমুক্ত করে খনন করা হোক।”
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মাসুম বিল্লাহ বলেন, “এটি একটি প্রবাহমান খাল। কিছু ব্যক্তি খালটি বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে। খালটি দখল বা ভরাট হলে এলাকার ৭-৮টি গ্রামের কৃষি কার্যক্রম ব্যাহত হবে। তাই উপজেলা প্রশাসন আজ খালটি দখলমুক্ত করলো। আমাদের এই অভিযান উপজেলাব্যাপী আগামীতেও অব্যাহত থাকবে।”
১২৬ বার পড়া হয়েছে