ফুটবল খেলাকে কেন্দ্র করে ভৈরবে সংঘর্ষ, আহত অর্ধশত
সোমবার, ৬ এপ্রিল, ২০২৬ ৩:৪৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার পৌর শহরের ঘোড়াকান্দা এলাকায় ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘ সময় ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় চার ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষের সময় কয়েকটি দোকান ও বসতবাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে।
রোববার (১০ জানুয়ারি) বিকাল থেকে রাত পর্যন্ত এ ঘটনা চলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘোড়াকান্দা বালুর মাঠে মসজিদপাড়ার একদল তরুণ ক্রিকেট খেলছিল। এ সময় একই এলাকার পলাশের মোড়ের তরুণরা সেখানে ফুটবল খেলতে চাইলে তাদের বাধা দেওয়া হয়। বিষয়টি নিয়ে প্রথমে বাকবিতণ্ডা শুরু হলেও পরে তা সংঘর্ষে রূপ নেয়।
একপর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থানে যায়। সন্ধ্যার পরও সংঘর্ষ থামেনি; বরং টর্চলাইট জ্বালিয়ে রাত পর্যন্ত সংঘর্ষ অব্যাহত রাখে তারা।
খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভৈরব-কুলিয়ারচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ ফয়জুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আহতরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
তিনি আরও জানান, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুরের ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২৩ বার পড়া হয়েছে