রাজধানীজুড়ে উচ্ছেদ অভিযান, তৃতীয় দিনেও অব্যাহত
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৭:২৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর ফুটপাত ও সড়কের পাশের অবৈধ দখল উচ্ছেদে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযান টানা তৃতীয় দিনের মতো চলছে।
শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে নগরীর বিভিন্ন এলাকায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
সকালে মোহাম্মদপুরের টাউন হল এলাকায় অভিযান পরিচালনা করেন তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম। তিনি জানান, ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হচ্ছে। তবে কেউ আইন অমান্য করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানের খবর ছড়িয়ে পড়ার পর অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে আগেভাগেই তাদের দোকানপাট সরিয়ে নিতে দেখা যায়।
ডিএমপির ট্রাফিক বিভাগের আটটি জোন—রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, উত্তরা ও গুলশান—একযোগে এই কার্যক্রম পরিচালনা করছে। অভিযানের আওতায় রয়েছে সড়কের পাশের খাবারের দোকান, যানবাহন মেরামতের ওয়ার্কশপ, ওয়েল্ডিং কারখানা, পোশাক ও আসবাবপত্রের দোকানসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
১৩১ বার পড়া হয়েছে