অনুমাননির্ভর কোন সংবাদ প্রকাশ ঠিক না : পাবনায় তথ্যমন্ত্রী
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৬:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর কোনো সংবাদ প্রকাশ করা উচিত নয়।
তিনি উল্লেখ করেন, বর্তমানে ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে নানা ধরনের তথ্য ও সংবাদ প্রচারিত হচ্ছে, যা অনেক সময় বিভ্রান্তি সৃষ্টি করে। তাই সঠিক তথ্য নিশ্চিত করতে যাচাই-বাছাই করে সংবাদ প্রকাশের ওপর তিনি গুরুত্বারোপ করেন।
শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাবনা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, পাবনা প্রেসক্লাব দেশের অন্যতম ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এবং তাদের পারস্পরিক ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অন্যদের জন্য দৃষ্টান্ত হতে পারে। তিনি জানান, সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে প্রতিটি জেলায় একটি করে প্রেসক্লাব প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার কাজ করছে। পাশাপাশি গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা গ্রহণ করে সে অনুযায়ী কার্যক্রম পরিচালনার কথাও জানান তিনি।
পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, প্রেসক্লাবের সাবেক সভাপতি শিবজিত নাগ ও এ বি এম ফজলুর রহমান, পাবনা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মাসুদ খন্দকার, প্রধানমন্ত্রীর ফটোগ্রাফার খালেদ হোসেন পরাগসহ অন্যরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ইয়াদ আলী মৃধা পাভেল। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম।
এর আগে একই দিন সন্ধ্যায় মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে আটদিনব্যাপী ‘পাবনা বইমেলা’র উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, গণমাধ্যমের দায়িত্বশীল স্বাধীনতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা শুরু হয়েছে। এছাড়া অতীতে গণমাধ্যমকর্মীদের ওপর নির্যাতনের একটি তালিকাও প্রস্তুত করা হচ্ছে।
বইমেলা উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালেদ হোসেন পরাগ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং বইমেলা উদযাপন পরিষদের সদস্যরা।
১৩০ বার পড়া হয়েছে