ইরান ঘোষণা করল মার্কিন পাইলট ধরার জন্য পুরস্কার, দ্বিতীয় ক্রু সদস্য নিখোঁজ
শনিবার, ৪ এপ্রিল, ২০২৬ ৩:৩৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইরানে ভূপাতিত মার্কিন যুদ্ধবিমানের দুই ক্রু সদস্যের মধ্যে এক জনকে উদ্ধার করা হলেও দ্বিতীয় সদস্য এখনও নিখোঁজ। এর মধ্যেই ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে, জীবিত মার্কিন পাইলটকে আটক করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দিলে নগদ পুরস্কার দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ‘ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং’–এর এক সংবাদপাঠিকা জানিয়েছেন, “শত্রুপক্ষের কোনো পাইলটকে জীবিত উদ্ধার করে নিরাপত্তা বাহিনীর কাছে দিলে মূল্যবান পুরস্কার দেওয়া হবে।” পাশাপাশি, কোহগিলুয়ে ও বয়ার-আহমদ প্রদেশের গভর্নর ঘোষণা করেছেন, যে কেউ অপরাধী মার্কিন পাইলটকে হস্তান্তর করবে তাকে ১০ বিলিয়ন তুমান (প্রায় ৭৬ হাজার ডলার) দেওয়া হবে।
এদিকে, মার্কিন সামরিক বাহিনী ব্যাপক অনুসন্ধান চালাচ্ছে। প্রথমে উদ্ধার হওয়া একজন ক্রু বর্তমানে মার্কিন হেফাজতে চিকিৎসা নিচ্ছেন, কিন্তু দ্বিতীয় সদস্যের অবস্থান এখনো অজানা।
সিএনএন জানিয়েছে, ভূপাতিত যুদ্ধবিমানটি ছিল ‘এফ-১৫ই স্ট্রাইক ইগল’, যা আকাশ থেকে আকাশে এবং আকাশ থেকে স্থলভাগে হামলা চালাতে সক্ষম। সাধারণত এই বিমানে একজন পাইলট এবং একজন অস্ত্র পরিচালনাকারী কর্মকর্তা থাকেন।
সাবেক মার্কিন মেরিন ফাইটার পাইলট অ্যামি ম্যাকগ্রাথ জানিয়েছেন, যুদ্ধবিমানের ক্রু সদস্যদের দুর্ঘটনার পর বেঁচে থাকার প্রশিক্ষণ দেওয়া হয়। তবে ইরানের মতো বৃহৎ এবং রাজনৈতিকভাবে সংবেদনশীল এলাকায় নিখোঁজ থাকা ক্রু সদস্যদের জন্য পরিস্থিতি জটিল ও বিপজ্জনক।
১২৪ বার পড়া হয়েছে