যশোরে উলাশী জিয়া খাল পুনঃখননের কাজ পরিদর্শনে জেলা প্রশাসক
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৪:২০ অপরাহ্ন
শেয়ার করুন:
যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলাশী জিয়া খাল পুনঃখনন কার্যক্রমের অগ্রগতি পরিদর্শন করেছেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
আগামী সময়ে খালটি পরিদর্শন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।
ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই খালটি ১৯৭৬ সালের ১ নভেম্বর সেচ্ছাশ্রমের ভিত্তিতে খনন কাজ শুরু হয় এবং প্রায় এক বছর ধরে চলে। ৪.১ কিলোমিটার দীর্ঘ এই খাল উত্তর শার্শার সোনামুখী, বনমান্দারসহ প্রায় ২২টি বিলের হাজার হাজার একর জমিতে সেচ সুবিধা প্রদান করে কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছিল। খাল খননের সেই স্মৃতি আজও স্থানীয় কৃষকদের হৃদয়ে অম্লান রয়েছে।
বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক উলাশী জিয়া খালের খনন কাজের অগ্রগতি, কাজের মান ও স্থানীয় জনগণের উপকারিতা বিষয়ে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন যাতে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করা যায় এবং এলাকার জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবিরুল হক সাবু, জেলা পরিষদের আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে ওয়াহিদ, উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির, সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন, প্রধান উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম শহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপস্থিত নেতৃবৃন্দ খাল খনন কার্যক্রমকে এলাকার সার্বিক উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে দ্রুত ও সুষ্ঠুভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।
১২৩ বার পড়া হয়েছে