সড়ক দুর্ঘটনায় খুবি'র শিক্ষার্থী মৌমিতার মৃত্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ১:৫৫ অপরাহ্ন
শেয়ার করুন:
খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মৌমিতা হালদারের মর্মান্তিক মৃত্যুর দুই দিন অতিবাহিত হলেও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রাইভেটকার ও ড্রাইভারকে এখনও গ্রেফতার করা হয়নি।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে এবং খুলনা জেলা প্রশাসকের কার্যালয় সামনের সড়ক অবরোধ করেছে।
শিক্ষার্থীরা যশোর রোডের পূর্ব দিকে খুলনা সার্কিট হাউস মাঠ এলাকা থেকে পশ্চিম দিকে হাদীস পার্ক পর্যন্ত সড়ক অবরোধ করে বিভিন্ন স্লোগান দিয়ে প্রতিবাদ করেছেন। তারা সিসিটিভি ফুটেজ দেখে দোষীদের শাস্তির দাবি করছে।
মৌমিতা হালদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী, গত ৩০ মার্চ খুলনা জেলা পরিষদের সামনে একটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে আসলেও প্রশাসনের নীরবতায় শিক্ষার্থীরা ক্ষুব্ধ।
শিক্ষার্থীরা জানান, দুর্ঘটনার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন গাড়ি সনাক্তকরণ এবং দোষীদের শাস্তির জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েও কোনো ফল পাননি। শিক্ষার্থীরা প্রশাসনের উদাসীনতাকে চরম দায়িত্বজ্ঞানহীন হিসেবে অভিহিত করেছেন।
আজকের কর্মসূচিতে শিক্ষার্থীরা “জাস্টিস ফর মৌমিতা” ঘোষণা করেছেন। এছাড়া নিরাপদ সড়ক নিশ্চিত এবং প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে তারা বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে থানায় মামলা দায়ের করেছে।
১৫১ বার পড়া হয়েছে