চাঁদপুরে জাটকা ধরায় ৩২ জেলে আটক, ২৬ জনের বিরুদ্ধে মামলা
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ১:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁদপুরে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ৩২ জন জেলেকে আটক করেছে ভ্রাম্যমাণ টাস্কফোর্স।
এর মধ্যে ২৬ জনের বিরুদ্ধে নৌ থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বাকি দুজন অসুস্থ এবং চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক।
মামলার আসামিরা হলেন— আব্দুর রহমান খান (২৮), বাবুল মাঝি (২২), জাকির হোসেন (২৭), মনু মিয়া গাজী (২৮), মো. আমন (১৮), জিল্লু মাঝি (৩০), আওলাদ বন্দুকসী (২৮), ফরিদ বন্দুকসী (৩০), ইব্রাহীম খান (৩০), হাবিব খান (৪০), জাহিদুল ইসলাম (২৭), মোশাররফ মাঝি (২৪), মো. ইউসুফ মাঝি (২৩), হারুন খান (৫০), শাহজাহান শেখ (৪৫), রুস্তম হাওলাদার (৩২), আব্দুল কাদির ঢালী (৬০), বাসু ঢালী (৩০), দুলাল দিদার (৫৫), শাকিল হাওলাদার (১৯), শিপন সিকদার (২৯), তানভীর হাওলাদার (১৮), মানিক জমাদ্দার (২৭), আকাশ খান (২৪), ইমান গাজী (৩০), রুবেল ছৈয়াল (২০), মো. ছাত্তার গাজী (৩২) ও সাগর হাওলাদার (১৯)। তাদের সবার বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায়।
সদর উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) বিকেল ৫টা থেকে বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত আখনের হাট থেকে বহরিয়া পর্যন্ত মেঘনা নদীর উপকূলীয় এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে জাটকা ধরার সময় হাতেনাতে ৩২ জন জেলেকে আটক করা হয়।
এ সময় দুটি মাছ ধরার নৌকা, প্রায় ৫ হাজার মিটার কারেন্ট জাল এবং ২০ কেজি জাটকা জব্দ করা হয়।
সিনিয়র মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক জানান, আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নৌ থানায় পৃথক ১০টি মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা জাল ও নৌকা থানার হেফাজতে রাখা হয়েছে এবং জব্দকৃত জাটকা গরিবদের মাঝে বিতরণ করা হয়েছে।
অভিযানে সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ নৌ থানা পুলিশ সদস্যরা অংশ নেন।
১২২ বার পড়া হয়েছে