আর্মি প্রেমিকের বাড়ির সামনে তরুণীর অবস্থান, এলাকায় তোলপাড়
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ১২:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ির সামনে অবস্থান নিয়েছেন ১৮ বছর বয়সী এক তরুণী।
বুধবার (১ এপ্রিল) রাত ৮টা থেকে তিনি ওই বাড়ির গেটের সামনে অবস্থান করছেন এবং বিয়ে না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে ঘোষণা দিয়েছেন।
জানা গেছে, অভিযুক্ত প্রেমিক আসাদুল একজন সেনা সদস্য এবং বর্তমানে খুলনায় কর্মরত। তার বাড়ি মিঠাপুকুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পুটিমারী গ্রামে।
তরুণীর দাবি, প্রায় সাত মাস ধরে আসাদুলের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। মোবাইল ফোনের মাধ্যমে তাদের পরিচয় হয় এবং আসাদুল ছুটিতে বাড়িতে এলে কয়েকবার তারা একটি রেস্ট হাউজে একান্ত সময় কাটান। সম্প্রতি তাদের এমন একটি ঘটনার বিষয় স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উপস্থিত লোকজন বিয়ের উদ্যোগ নিলেও, এর মধ্যেই আসাদুল হঠাৎ করে আত্মগোপনে চলে যান।
তরুণী জানান, “আমাদের সম্পর্কের কথা এলাকায় সবাই জানে। এখন আমি সামাজিকভাবে বিপাকে পড়েছি। তাই বিয়ে না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাব না।”
এ বিষয়ে মিঠাপুকুর থানার পরিদর্শক ফজলুর রহমান বলেন, ভুক্তভোগী তরুণী এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
১২২ বার পড়া হয়েছে