সাতক্ষীরায় সাব-রেজিস্ট্রি অফিসে হামলা ও ছিনতাই, ৬ জনের নামে মামলা
বৃহস্পতিবার , ২ এপ্রিল, ২০২৬ ৫:১৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সাতক্ষীরা সদর সাব-রেজিস্ট্রার অফিসে আমমোক্তারনামা দলিল সম্পাদনে বাধা, হামলা, মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী সাতক্ষীরা শহরের মধ্য কাটিয়ার বাসিন্দা ও এনটিভির সাতক্ষীরা প্রতিনিধি এমএম জুলফিকার আলি জিন্নাহ। বুধবার তিনি সদর থানায় মামলাটি দায়ের করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ সকাল সাড়ে ১১টার দিকে খুলনার সোনাডাঙা থানার পশ্চিম বানিয়াখামার এলাকার মোকসুদার রশিদের লক্ষীদাঁড়ি মৌজার ১৮ শতক জমির আমমোক্তারনামা দলিল সম্পাদনের জন্য জিন্নাহ সদর সাব-রেজিস্ট্রি অফিসে যান। এ জমির দলিলের জন্য তিনি পূর্বে বিভিন্ন সময়ে ৫০ লাখ টাকা পরিশোধ করেন এবং বাকি ৫ লাখ টাকা রেজিস্ট্রির সময় দেওয়ার কথা ছিল।
অভিযোগে বলা হয়, দলিল সম্পাদনের সময় অভিযুক্তরা অতিরিক্ত ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এ নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে তারা জিন্নাহকে এজলাস থেকে টেনে বাইরে নিয়ে গিয়ে লোহার রড ও কিল-ঘুষি দিয়ে মারধর করে গুরুতর আহত করে। পরে তাকে আবার এজলাসে এনে আটকে রেখে টাকা আদায়ের চেষ্টা চালানো হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
এ সময় অভিযুক্তদের মধ্যে টুটুল জিন্নাহর পকেট থেকে ২ লাখ টাকা এবং মামুন ৩ লাখ টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
মামলায় আসামিরা হলেন—সৈয়দ রেজাউল হোসেন টুটুল, মো. শিহাব, শেখ আব্দুল্লাহ আল মামুন, শেখ মাহাবুব উল্লাহ, তরিকুল ইসলাম ও সাইফুল ইসলাম।
সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং তদন্তভার উপ-পরিদর্শক আব্দুল্লাহিল আরিফ নিশাতের ওপর ন্যস্ত করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
১১১ বার পড়া হয়েছে