জামালপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬ ২:৪০ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুর সদর উপজেলার নান্দিনা-লক্ষ্মীরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর নির্মাণাধীন সেতুর জন্য অধিগ্রহণকৃত জমি থেকে অবৈধ স্থাপনা অপসারণে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে প্রশাসন।
মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দারের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার জানান, নান্দিনা-লক্ষ্মীরচর এলাকায় ব্রহ্মপুত্র নদের ওপর ১০৬ কোটি টাকা ব্যয়ে ৬০৬ মিটার দীর্ঘ একটি সেতু নির্মাণাধীন রয়েছে। সেতু নির্মাণের জন্য অধিগ্রহণকৃত জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে বারবার নির্দেশনা দেওয়া হলেও অনেক মালিক তা মানেননি। ফলে সেতুর কাজ দ্রুত সম্পন্ন করতে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে।
অভিযানে নান্দিনা বাজার অংশে প্রায় ২০ থেকে ২৫টি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়। এসবের মধ্যে বহুতল মার্কেট, দোকানপাট ও বসতবাড়িও রয়েছে। উচ্ছেদ কার্যক্রম চলাকালে ব্যবসায়ীরা নিজেদের মালামাল সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা করেন।
প্রশাসনের আশা, অবৈধ স্থাপনা অপসারণের ফলে সেতু নির্মাণ কাজ আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে।
১২৮ বার পড়া হয়েছে