সর্বশেষ

সারাদেশ

সিলেটের তেল ডিপো ঘিরে কড়া নিরাপত্তা, বিজিবির নজরদারি জোরদার

স্টাফ রিপোর্টার, সিলেট
স্টাফ রিপোর্টার, সিলেট

রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ২:২৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলের জ্বালানি তেল ডিপোগুলোতে নিরাপত্তা জোরদার করতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মজুতদারি, নাশকতা এবং সরবরাহে বিঘ্ন রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শনিবার থেকে এই কার্যক্রম শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সিলেট ও পার্শ্ববর্তী মৌলভীবাজারসহ দেশের ৯টি জেলার মোট ১৯টি তেল ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। প্রতিটি ডিপোতে একজন কর্মকর্তার নেতৃত্বে সদস্যরা টহল, তদারকি এবং নিরাপত্তা নিশ্চিত করছেন। একই সঙ্গে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।

১৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুবায়ের আনোয়ার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সিলেটের পদ্মা ও মেঘনা ডিপোতে দুই প্লাটুন বিজিবি কয়েকদিন ধরেই দায়িত্ব পালন করছে।

বিজিবি সদর দফতরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মধ্যপ্রাচ্যের চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় দেশে অবৈধ মজুতের প্রবণতা দেখা যাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ডিপোগুলোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন ডিপোর কাছে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্প থেকে সদস্যরা নিয়মিত তদারকি, প্রশাসনিক সমন্বয় এবং নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করছেন। একই সঙ্গে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় রেখে দ্রুত তথ্য আদান-প্রদান নিশ্চিত করা হচ্ছে।

এছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে টহল জোরদার করা হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অতিরিক্ত চেকপোস্ট বসানো, নৌ টহল বৃদ্ধি এবং আমদানি-রফতানিতে ব্যবহৃত যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

অন্যদিকে, জ্বালানি সরবরাহ ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনতে দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এসব কর্মকর্তা পাম্প পর্যায়ে সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা করছে, এই সমন্বিত উদ্যোগের ফলে জ্বালানি সরবরাহ স্বাভাবিক থাকবে এবং জনমনে আস্থাও বৃদ্ধি পাবে।

১৩৩ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন