ইসরায়েলে ফের হুতিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার দাবি
রবিবার, ২৯ মার্চ, ২০২৬ ১:৪৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইসরায়েলের দক্ষিণাঞ্চল লক্ষ্য করে দ্বিতীয় দফায় হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। গোষ্ঠীটির সামরিক শাখার মুখপাত্র ইয়াহিয়া সারি শনিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে ইসরায়েলের একাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় আঘাত হানা হয়েছে। হামলার বিস্তারিত ক্ষয়ক্ষতির তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, ইয়েমেন থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যা শনাক্ত করে প্রতিরোধে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইরান-সম্পর্কিত আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে চলমান সংঘাতে ইয়েমেন থেকে এ ধরনের হামলার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি বলে মনে করা হচ্ছে।
পরে হুতি গোষ্ঠী আরেক বিবৃতিতে জানায়, দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও নিক্ষেপ করা হয়েছে। লেবানন, ইরান ও ফিলিস্তিনে ইসরায়েলের অভিযানের জবাব হিসেবেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি তাদের।
এদিকে, ইয়াহিয়া সারি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান ও তার মিত্রদের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষে অন্য কোনো দেশ অংশ নিলে হুতিরাও সরাসরি সামরিক অভিযানে যুক্ত হতে প্রস্তুত রয়েছে।
১২০ বার পড়া হয়েছে