সর্বশেষ

সারাদেশ

স্যান্ডি’র স্মরণে কলাপাড়ায় ৫০০ পথকুকুরকে খাবার বিতরণ

এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)
এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া (পটুয়াখালী)

শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৩:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় ব্যতিক্রমী এক মানবিক উদ্যোগের নজির স্থাপন করেছেন এক নারী। প্রিয় পোষ্য কুকুর ‘স্যান্ডি’র মৃত্যুতে শোকাহত হয়ে প্রায় ৫০০ পথকুকুরকে ভাত ও মাংস খাওয়ানোর আয়োজন করেন তিনি।

জানা যায়, কলাপাড়া পৌর শহরের মুসলিমপাড়া এলাকার বাসিন্দা দুই বোন নাতাশা ও তানিয়া প্রায় সাত বছর আগে ঢাকা থেকে একটি বিদেশি জাতের কুকুর এনে সন্তানের মতো লালন-পালন করেন। আদর করে তার নাম রাখা হয় ‘স্যান্ডি’। তবে তিন মাস আগে জরুরি কাজে উত্তরবঙ্গে যাওয়ার সময় স্যান্ডিকে এক প্রতিবেশীর কাছে রেখে যান তানিয়া। যথাযথ যত্ন ও চিকিৎসার অভাবে গত মঙ্গলবার কুকুরটি মারা যায়।

প্রিয় পোষ্য হারানোর শোক থেকে ফিরে এসে তানিয়া নেন এক ব্যতিক্রমী উদ্যোগ। শুক্রবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে প্রায় ৫০০ পথকুকুরের মাঝে নিজ হাতে রান্না করা ভাত ও মাংস বিতরণ করেন তিনি। এ কাজে সহযোগিতা করে ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’র কলাপাড়া টিম।

তানিয়া বলেন, “স্যান্ডিকে আমরা সন্তানের মতো ভালোবাসতাম। তাকে হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। তার স্মরণেই এই আয়োজন করেছি।”

এনিমেল লাভারস কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ আহসান জানান, তারা নিয়মিত পথপ্রাণীদের খাবার দেন। তবে এ ধরনের উদ্যোগ বিরল। তিনি সমাজের বিত্তবানদের প্রাণী কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান এ উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে বলেন, সমাজে অবহেলিত প্রাণীদের প্রতিও সহমর্মিতা দেখানো জরুরি। তিনি সকলকে প্রাণী কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন