পলাশবাড়ীতে ভাড়াটিয়া নারীর গলাকাটা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য
শনিবার, ২৮ মার্চ, ২০২৬ ৮:৪২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় এক ভাড়াটিয়া নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কবিতা বেগম (২৫) সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজার সংলগ্ন পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে খবরটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলেও জানান তিনি।
১১৮ বার পড়া হয়েছে