লাঙ্গলবন্দকে হেরিটেজ হিসেবে স্বীকৃতির উদ্যোগ নেওয়া হবে: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের বন্দরের লাঙ্গলবন্দে মহাষ্টমী পুণ্যস্নান উপলক্ষে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, লাঙ্গলবন্দকে হেরিটেজ হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করা হবে।
বুধবার রাতে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, লাঙ্গলবন্দের স্নান একটি প্রাচীন ঐতিহ্য, যা সংরক্ষণ ও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ বিষয়ে সরকার গুরুত্ব সহকারে কাজ করবে বলে তিনি আশ্বাস দেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রীসহ মন্ত্রিসভার সদস্যরা দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব গ্রহণ করে নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, দেশে বিভাজন বা বিভেদ নয়, বরং ঐক্য ও শান্তি প্রতিষ্ঠা জরুরি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক মামুন মাহমুদ, জেলা প্রশাসক রায়হান কবির এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
১০৯ বার পড়া হয়েছে