ফরিদপুরে জমি বিরোধে বড় ভাইয়ের গুলিতে ছোট ভাই নিহত
বুধবার, ২৫ মার্চ, ২০২৬ ৫:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের বোয়ালমারীতে পৈতৃক জমি ও গাছ কাটাকে কেন্দ্র করে বড় ভাইয়ের ছোড়া শর্টগানের গুলিতে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টু (৫৫) নিহত হয়েছেন।
বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী পৌরসদরের ৮ নম্বর ওয়ার্ডের চতুল উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ডা. গোলাম কবীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন এবং তিনি জেলা কৃষক লীগের সহ-সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চতুল উত্তরপাড়া গ্রামের কাওছার শেখের বাড়ির পাশের প্রায় ৪০ শতাংশ পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। এর মধ্যে ৭ শতাংশ জমি কাওছার শেখের নামে লিখে দেওয়া হলেও বাকি জমির গাছ প্রায় ৮০ হাজার টাকায় বিক্রি করে দেন বড় ভাই ডা. গোলাম কবীর।
বুধবার সকালে গাছ কাটতে গেলে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টু এতে বাধা দেন। এ সময় দুই ভাইয়ের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে গোলাম কবীর বাড়ি থেকে শর্টগান এনে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই গুরুতর আহত হন মিন্টু।
স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শী বিলায়েত হোসেন মৃধা জানান, গুলির শব্দ শুনে বাইরে এসে দেখেন, ডা. গোলাম কবীর তার ছোট ভাইকে গুলি করে পালানোর চেষ্টা করছেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহতের আরেক ভাই আলমগীর কবীর বলেন, “আমার চোখের সামনে বড় ভাই ছোট ভাইকে গুলি করে হত্যা করেছে। সামান্য গাছ নিয়ে এমন ঘটনা কখনো ভাবিনি।”
বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আন্না সুলতানা জানান, হাসপাতালে আনার আগেই রোগীর মৃত্যু হয়েছে। তার বুকে ও কোমরে শর্টগানের গুলির আঘাত ছিল।
এ বিষয়ে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেল) আজম খান জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাছ কাটাকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্ত গোলাম কবীরকে আটক করা হয়েছে এবং ব্যবহৃত শর্টগানটি জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
১১০ বার পড়া হয়েছে